https://newsbdc.com/national-capital/mvc5advuzx
উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৫০
ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১৯ জন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকেরা পঞ্চম দিনের মতো বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন।
আরও পড়ুন
রাজধানীতে সাতসকালে সড়কে প্রাণ গেল ২ নারীর ১৬ অক্টোবর ২০২৬
প্রতিবেদন অনুযায়ী, সকাল ১০টার দিকে উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কসাইবাড়ী রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট ও জসিমউদ্দীনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন।
পরে সকাল ১১টার দিকে তাঁরা রাজলক্ষ্মী সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন
মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সচ্ছলতাই প্রধান লক্ষ্য: আবদুস সালাম ১৫ অক্টোবর ২০২৬
খবরে বলা হয়, একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাঁদের সরিয়ে দেয়।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক রুহিনা আক্তার জানান, বিক্ষোভকারী শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। পরে শ্রমিকেরা বিভিন্ন গলিতে অবস্থান নেন।
রাজধানী থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।