https://newsbdc.com/education-study/mvm01bsv5w
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন চারটি বই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা, নৈতিকতা এবং বাস্তবমুখী দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বইগুলো প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
নতুন বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। আগামী ২৫ অক্টোবর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসি) সভায় বইগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। অনুমোদন পেলে চারটি বইয়ের প্রায় দেড় কোটি কপি ছাপানোর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৫ ঘণ্টা আগে
এনসিটিবি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতিচর্চা এবং হাতে-কলমে কারিগরি দক্ষতা অর্জনের বিষয়গুলো সামনে রেখে বইগুলো তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার, পারিবারিক সংস্কৃতি ও সুনাগরিকের গুণাবলি গড়ে তোলার পাশাপাশি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের নিয়ে এনসিটিবি এ কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
আরও পড়ুন
এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি ২৩ অক্টোবর ২০২৬
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, নতুন চারটি বইয়ের পাণ্ডুলিপি তৈরি ও যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এনসিসির অনুমোদনের পর বইগুলো মুদ্রণের জন্য পাঠানো হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপার কাজ শেষ করার আশা করছেন সংশ্লিষ্টরা।
চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি
চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ বইটি সাজানো হয়েছে ১৪টি অধ্যায়ে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিকস ও দাবার নিয়মকানুনের পাশাপাশি কারাতে, জুডো ও তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষার কৌশল তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
ডিভি লটারি নিয়ে নতুন নির্দেশনা, আবেদন শুরুর সময়সীমা ১ নভেম্বর ২১ অক্টোবর ২০২৬
এ ছাড়া খেলাধুলার সময় আঘাত, নাক দিয়ে রক্ত পড়া ও হিট স্ট্রোকের মতো পরিস্থিতিতে করণীয়, প্রাথমিক চিকিৎসা, পুষ্টি এবং সামাজিক দক্ষতা সম্পর্কেও ধারণা দেওয়া হবে।
আরও পড়ুন
নৈতিক মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর ১৯ অক্টোবর ২০২৬
অন্যদিকে, ১১টি অধ্যায়ে সাজানো ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইয়ে ভাষা, পোশাক, শিল্পকলা, খাবার, সামাজিক রীতিনীতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এতে শিশুদের প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি’র ইতিহাসও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় ও কারিগরি শিক্ষা
ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইটি ছয়টি অধ্যায়ে সাজানো হয়েছে। এতে পরীক্ষা ও মুখস্থনির্ভর পড়াশোনার বাইরে দৈনন্দিন অভিজ্ঞতা, পরিবেশ, স্বাস্থ্য, নিরাপত্তা, সৃজনশীলতা এবং পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা ও ফি নির্ধারণ ১৮ অক্টোবর ২০২৬
আটটি অধ্যায়ের ‘আমার কারিগরি শিক্ষা’ বইয়ে প্রযুক্তির ব্যবহার, সমস্যা সমাধান, ক্ষুদ্র উদ্যোগ, সবুজ প্রযুক্তি ও টেকসই জীবনযাপনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বইটির মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কাজের মধ্য দিয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক এ কে এম শওকত আলী খান বলেন, নতুন বইগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যার বাইরে আনন্দময় পরিবেশে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।