https://newsbdc.com/education/mvdho1balh
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা ও ফি নির্ধারণ
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইন ফরম পূরণের সময়সূচি ও ফি নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্ধারিত সূচি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া আগামী ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। এ ক্ষেত্রে ব্যাংকে ফি জমা দেওয়ার শেষ দিন ২৪ নভেম্বর।
আরও পড়ুন
২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৩ ঘণ্টা আগে
অন্যদিকে, ১০০ টাকা বিলম্ব ফিসহ ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর।
বিভাগভিত্তিক পরীক্ষার ফি
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগের মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের দিতে হবে ২ হাজার ৩১৫ টাকা।
আরও পড়ুন
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি ১৫ ঘণ্টা আগে
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা এবং ব্যবহারিকসহ কেন্দ্র ফি ৫১৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
অতিরিক্ত ফি আদায়ে ব্যবস্থা
আরও পড়ুন
এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি ২৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচনি বা টেস্ট পরীক্ষা শেষে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে কোনোভাবেই ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ আদায় করা যাবে না।
বিজ্ঞপ্তিতে নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি জিপিএ উন্নয়ন, মানোন্নয়ন ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের নীতিমালাও উল্লেখ করা হয়েছে।
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।