https://newsbdc.com/business-economy/mvnlnxcrji
নিরাপত্তা যাচাই শেষে সচল হলো জনতা ব্যাংকের ওয়েবসাইট
সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে ওয়েবসাইটটি চালু অবস্থায় পাওয়া যায়।
তবে ঠিক কখন ওয়েবসাইটটি সচল করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি।
আরও পড়ুন
কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ১ ঘণ্টা আগে
এর আগে সাইবার হামলার ঝুঁকির কারণে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল। পরে ওয়েবসাইটে হামলার সম্ভাব্য চিহ্ন পাওয়ার কথা জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। এসব বিষয় পরীক্ষা ও সমাধান করতে সময় লাগায় ওয়েবসাইটটি চালু করতে দেরি হচ্ছিল।
রোববার দুপুর দেড়টা পর্যন্তও ওয়েবসাইটটি অচল ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন, ওয়েবসাইটে দুটি হামলার চিহ্ন পাওয়া গেছে। সেগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সময় লাগছে। রোববারের মধ্যেই ওয়েবসাইটটি সচল করার আশ্বাস দিয়েছিলেন ব্যাংকটির কর্মকর্তারা।
এদিকে সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে বন্ধ থাকার পর রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় সচল করে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন
জ্বালানি চাহিদা মেটাতে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি সংগ্রহ করবে সরকার ২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রোববার কর্মদিবস হওয়ায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা বিবেচনায় ওয়েবসাইটটি চালু করা হয়েছে।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো।
আরও পড়ুন
সাইবার হামলার চিহ্ন, এখনো সচল হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট ৩ ঘণ্টা আগে
গত ২১ অক্টোবর প্রকাশিত যৌথ সতর্কবার্তায় বলা হয়, এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে।
দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।