https://newsbdc.com/national-environment/mwok5wi63r
জেঁকে বসছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাত ও সকালে শীতের আগমনী বার্তা দিচ্ছে পাহাড়ি হিম বাতাস ।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে কুয়াশার পরিমাণ কমতে থাকলেও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
সরেজমিনে দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এ জনপদে অনুভূত হচ্ছে শীত। এ সময়টিতে মানুষের স্বাভাবিক চলাচলে পড়েছে প্রভাব। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় জড়িয়ে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ পড়েছেন কিছুটা ভোগান্তিতে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৪ মিনিট আগে
স্থানীয়দের ধারণা, দিন যত এগোবে, উত্তরের এ জনপদে শীতের তীব্রতাও তত বাড়তে পারে।
কথা হয় কাঁচামাল ব্যবসায়ী অলিউর রহমানের সাথে। তিনি সময় সংবাদকে বলেন, গত কয়েকদিনের তুলনায় দুইদিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে সকালে ও রাতে বেশি অনুভূত হচ্ছে। সকালে কাজে বের হলে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম সময় সংবাদকে বলেন, দিনের বেলা গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকেই শীত নামতে শুরু করছে। এতে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হয়। আবহাওয়ার যে অবস্থা দেখা যাচ্ছে তাতে এবার শীতের তীব্রতা গতবারের চেয়ে বাড়তে পারে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৬ মিনিট আগে
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, শুক্রবার সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। রাতে ও ভোরে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। বিশেষ করে ভোরে ও সকালে হালকা শীত অনুভূত হচ্ছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৪৫ মিনিট আগে
আবহাওয়ার এমন পরিবর্তনে তেঁতুলিয়াসহ পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় শীতের আমেজ ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।