https://newsbdc.com/national/mvds8v84iw
সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চায় বাংলাদেশ
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূতকে তলব করা হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির শিরশ্ছেদ এবং এ-সংক্রান্ত ঘটনার বিস্তারিত জানতে চেয়েছে সরকার।
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ১ ঘণ্টা আগে
এর আগে শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশ ও তা কার্যকরের বিষয়ে সরকার তখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। এ বিষয়ে তথ্য জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্যে বলা হয়েছে, মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে সৌদি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ।
শামা ওবায়েদ আরও জানান, সৌদি আরবের চিঠির জবাব পাওয়ার পর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
আরও পড়ুন
৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ২ ঘণ্টা আগে
প্রসঙ্গত, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায়। তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি আরবের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।