https://newsbdc.com/national/mveybdzqhp
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমবে: তিতুমীর
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির ফলে দেশে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ‘ইএসজি প্ল্যাটফর্ম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৩ ঘণ্টা আগে
তিতুমীর বলেন, অতীত সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। অন্যদিকে, বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির ফলে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের সময়কার পরিস্থিতিতে দেখা গেছে, শিক্ষিত তরুণদের একটি বড় অংশ কর্মসংস্থানের সুযোগ পাননি। প্রায় ৪০ শতাংশ মানুষ কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণের বাইরে ছিলেন। তাঁর মতে, ২০০৮-০৯ সালের পর থেকে বিভিন্ন আন্দোলনে তরুণ সমাজ ও নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল।
আরও পড়ুন
৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ৩ ঘণ্টা আগে
গত আট মাসে সরকারের অতিরিক্ত ৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে বলেও জানান তিতুমীর। তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকট বাংলাদেশের জ্বালানি পরিস্থিতিকে আরও কঠিন করেছে। এ কারণে সরকারকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে।
আরও পড়ুন
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৪ ঘণ্টা আগে
তিনি আরও বলেন, আগামী দিনে ঋণের সুদহার কমানোর পরিকল্পনা রয়েছে, যাতে দেশে বিনিয়োগ বাড়ে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি প্রসঙ্গে তিতুমীর জানান, বাংলাদেশের জন্য অতিরিক্ত সময় পাওয়ার বিষয়েও আলোচনা চলছে। উত্তরণ-পরবর্তী প্রস্তুতি জোরদার করতে প্রয়োজনীয় সময় পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতা করবে বলেও প্রত্যাশা করেন পরিকল্পনা উপদেষ্টা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।