https://newsbdc.com/national/mvzm6w7c30
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ
সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে সরকারি ক্রয়-সংক্রান্ত অধ্যাদেশকে আইনে পরিণত করছে সরকার। এ লক্ষ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আরও পড়ুন
শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৫ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ক্রয়ের মূল আইনি কাঠামো হিসেবে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’ এ পর্যন্ত মোট ছয় দফা সংশোধন করা হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে সংশোধন করা হয়।
আরও পড়ুন
বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৫ ঘণ্টা আগে
তিনি আরও বলেন, দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং ক্রয়কার্যে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে নতুন, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র, নারী দরপত্রদাতা এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালি আধুনিকায়ন, সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির অধিকতর প্রয়োগের বিধান, পেশাগত অসদাচরণ-সংশ্লিষ্ট বিধানের স্পষ্টীকরণ এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার সংস্থানসহ বিভিন্ন যুগোপযোগী বিধান প্রণয়নের উদ্দেশ্যে অধ্যাদেশটি জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধান অনুযায়ী জারি করা অধ্যাদেশটি আইনে রূপান্তরের উদ্দেশ্যে বিল আকারে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে উপস্থাপন করতে হবে। প্রণীত আইনের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন
আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ ৫ ঘণ্টা আগে
এদিকে, ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া জনমত যাচাইয়ের লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খসড়া আইনটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে।
আরও পড়ুন
২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা ৫ ঘণ্টা আগে
এ ছাড়া বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার এবং আন্তদেশীয় অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স) সইয়ের খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।