https://newsbdc.com/national/mw612wp361
বিদেশে কর্মসংস্থানে ১ লাখ আনসার-ভিডিপি সদস্যকে দক্ষ করার উদ্যোগ
বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রাথমিকভাবে এক লাখ আনসার-ভিডিপি সদস্যকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থসামাজিক জীবনমান উন্নয়নে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণ, আন্তর্জাতিক অংশীদারি প্রতিষ্ঠা এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিসহ দেশের বিভিন্ন জেলার বিদ্যমান অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সদস্যদের জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৯ মিনিট আগে
এসব প্রশিক্ষণের আওতায় ৬জি ওয়েল্ডিং, নির্মাণ ও ড্রাইভিং, গার্মেন্টস, হসপিটালিটি, শেফ ট্রেনিং, সৌরবিদ্যুৎ ও সবুজ জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং জাপানি ভাষা শিক্ষার মতো চাহিদাসম্পন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশীয় শিল্প ও সেবা খাতের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ইতোমধ্যে সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের প্রতিনিধিদল একাডেমির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
এ প্রসঙ্গে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর বেতন কাঠামো, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনার মান যাচাই করে শুধু প্রশিক্ষিত দক্ষ সদস্যদের কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১২ মিনিট আগে
তিনি আরও বলেন, বাহিনীর ৬০ লাখেরও বেশি সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাজ্জাদ মাহমুদ বলেন, জাপানের শীর্ষস্থানীয় কর্মসংস্থান প্রতিষ্ঠানসহ একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে কর্মসংস্থানের সম্ভাবনাকে কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত করা হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে জানানো হয়েছে, সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টকে রিক্রুটিং লাইসেন্স অনুমোদন দেওয়ায় প্রশিক্ষিত নারী ও পুরুষ সদস্যদের প্রথম ধাপে বিদেশ পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২০ মিনিট আগে
তারা জানিয়েছে, আন্তর্জাতিক শ্রমবাজারে গ্রহণযোগ্যতা অর্জনে দক্ষতা ও পেশাগত মান নিশ্চিত করা অপরিহার্য। এ ছাড়া প্রশিক্ষণার্থী লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষমতা বৃদ্ধির জন্য বিএমইটির ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং আনসার-ভিডিপির দেশব্যাপী তৃণমূল নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করার সমঝোতা চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
নব উদ্বোধিত ডিজিটাল ডেটাবেজ বিএমইটির সঙ্গে সংযুক্ত করে প্রশিক্ষণার্থী ও কর্মপ্রত্যাশীদের তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও যাচাই নিশ্চিত করা হবে।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
পাশাপাশি নিজস্ব কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে কর্মরত সদস্যদের সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা সহায়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির অনুকূলে আনুষ্ঠানিকভাবে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে কর্মসংস্থানসংক্রান্ত চুক্তি ও অংশীদারত্ব প্রতিষ্ঠার আলোচনা চলছে।
নিজস্ব বায়োমেট্রিক ও ডিজিটাল ডেটাবেজ ব্যবস্থার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিরাপদ, স্বচ্ছ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে আরও জানানো হয়েছে, এ উদ্যোগের লক্ষ্য শুধু বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি নয়; বরং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, আত্মনির্ভর ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তোলা। এর ফলে সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশীয় শিল্প ও সেবা খাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ সম্প্রসারিত হবে।
জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও কল্যাণে বহুমাত্রিক ভূমিকা পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে কাজ করছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।