https://newsbdc.com/national/mw7cjtevlx
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ ডাচেস সোফি
যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি।
বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সফরে নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। ডাচেস সোফি রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৭ মিনিট আগে
সফরসূচি অনুযায়ী, রাজধানী ঢাকায় পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানেরও।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন ডাচেস সোফি।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৯ মিনিট আগে
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনের কথা রয়েছে তাঁর। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ আয়োজনের মাধ্যমে নারী ও মেয়েদের জীবনে নতুন সুযোগ তৈরিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণ প্রজন্মকে নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও যোগ দেবেন ডাচেস। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৭ মিনিট আগে
ঢাকায় কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অবস্থানকালে বলপূর্বক বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন ডাচেস। পাশাপাশি শরণার্থী শিবিরগুলোতে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ এবং সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়াতে নেওয়া উদ্যোগগুলোও পর্যবেক্ষণ করবেন তিনি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।