https://newsbdc.com/national/mw97394sl5
চিকিৎসকদের প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার মান অতীতের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। হাসপাতালের খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৬ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকেরা অল্প সময়ে দক্ষতার সঙ্গে জটিল অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা সম্পন্ন করছেন। এটি স্বাস্থ্য খাতের সক্ষমতার বড় প্রমাণ। চিকিৎসকদের দক্ষতা, সাহসিকতা ও রোগীদের প্রতি মানবিক আচরণ প্রশংসনীয়।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৮ মিনিট আগে
তিনি আরও বলেন, “আমি চিকিৎসক নই, তবে চিকিৎসকদের সম্মান করি। তাদের জন্য কাজ করতে চাই।” চিকিৎসকদের সহযোগিতা ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের কোনো উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী জানান, এসব সমস্যার স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। মেডিকেল ও সাধারণ বর্জ্য আলাদাভাবে ব্যবস্থাপনার উদ্যোগও চলছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩৬ মিনিট আগে
তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ উদ্যোগে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট অপারেটিভ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড ও বহির্বিভাগের উদ্বোধন করেন। সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।
নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।