https://newsbdc.com/national/mw9f4xg8y0
টঙ্গী, আশুলিয়া, নারায়ণগঞ্জসহ ছয় স্থানে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের ঘোষণা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসা দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়ে সংসদ সদস্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার এরই মধ্যে ছয়টি হাসপাতালে ১০০ শয্যা করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে এই ছয়টি জায়গায় ১০০ শয্যার করে একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধু আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।’
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের উদ্যোগের অংশ।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে
এর আগে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর করা হয়েছে। দেশের খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একইভাবে শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হয়।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।