https://newsbdc.com/national/mwabw4uvnb
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব গ্রহণের পরদিন থেকেই কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘গ্রিন সরকার’ হিসেবে জনগণের কাছে সমাদৃত। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার আগেই তিনি ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৯ মিনিট আগে
এর আগে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
রিজভী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে। তিনি বলেন, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিশ্ব উষ্ণায়ন দিন দিন বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে মানবজাতি বিপন্ন অবস্থার মুখোমুখি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগদান একটি উল্লেখযোগ্য ঘটনা।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪২ মিনিট আগে
তিনি বলেন, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কীভাবে কমানো যায়, তা নিয়ে বিশ্বনেতারা আলোচনা করবেন। পাশাপাশি বিশেষজ্ঞরাও তাঁদের মতামত তুলে ধরবেন। এসব আলোচনার মধ্য দিয়ে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিজভী আরও বলেন, সুন্দর এই পৃথিবীকে বাঁচাতে হবে। বিশ্ব উষ্ণায়নের কবল থেকে পৃথিবীকে রক্ষা করে বসবাসের উপযোগী করে তুলতে হবে। আগের পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫০ মিনিট আগে
সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গত সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, বৈঠকগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।