https://newsbdc.com/national/mwbmvriznv
তৃতীয় টার্মিনাল চুক্তিতে জাপানের শর্ত নিয়ে উদ্বিগ্ন নয় সরকার: বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছরে নতুন কোনো বাণিজ্যিক বিমানবন্দর চালু করা যাবে না—তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে খসড়া চুক্তিতে এমন শর্ত রাখা হয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনা চললেও বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, এ শর্তে উদ্বিগ্ন নয় সরকার। তবে শর্তটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম।
বর্তমানে একটি রানওয়ে এবং ফ্লাইট ও যাত্রীর অতিরিক্ত চাপসহ নানা কারণে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এর মধ্যেই অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল নির্মাণ শেষে চালুর প্রস্তুতি চলছে। এ অবস্থায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে টার্মিনাল পরিচালনা-সংক্রান্ত খসড়া চুক্তির শর্তে সম্মত হয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৬ মিনিট আগে
চুক্তির একটি শর্ত অনুযায়ী, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর অন্য কোনো বাণিজ্যিক বিমানবন্দর চালু করা যাবে না। তবে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ, নির্মাণকাজ পরিচালনা কিংবা সামরিক স্থাপনা উন্নয়নে কোনো বাধা থাকবে না।
এ বিষয়ে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানের শর্তে উদ্বিগ্ন নয় সরকার। তাঁর মতে, শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর নির্মাণের প্রয়োজন নেই। তা ছাড়া নতুন বিমানবন্দর তৈরি করতেও প্রায় ১৫ বছর সময় লেগে যায়।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৮ মিনিট আগে
তবে এ চুক্তির শর্ত নিয়ে আপত্তি জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। তাঁর মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের এ ধরনের শর্ত আরোপ হস্তক্ষেপের শামিল। চুক্তি করার ক্ষেত্রে শুরু থেকেই বাংলাদেশের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল বলেও মনে করেন তিনি।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২৭ মিনিট আগে
কাজী ওয়াহিদুল আলম বলেন, কোনো তৃতীয় পক্ষ যদি নির্ধারণ করে দেয় বাংলাদেশ কী করতে পারবে আর কী পারবে না, তাহলে তা দেশের ওপর হস্তক্ষেপের মতো বিষয়। তাঁর মতে, শুরুতেই নিজেদের চাহিদা স্পষ্টভাবে জানালে বাংলাদেশকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না।
তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিটি চলতি মাসের মধ্যে চূড়ান্ত করে স্বাক্ষরের চেষ্টা চলছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরেই টার্মিনালটি আংশিকভাবে চালু করার কথা রয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।