https://newsbdc.com/national/mwbn592dcp
সীমান্ত দিয়ে অস্ত্র-বিস্ফোরক প্রবেশ ঠেকাতে পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ
দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সীমান্তের ওপার থেকে যাতে অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্দেহভাজন কেউ দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। সীমান্ত দিয়ে কারা যাতায়াত করছে, সেদিকেও বাড়তি নজর রাখবে পুলিশ।
মঙ্গলবার দেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার (এসপি), সব রেঞ্জের ডিআইজি ও পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ ওঠে। নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৪ মিনিট আগে
সূত্র জানায়, মঙ্গলবারের বৈঠকে সীমান্ত পেরিয়ে দেশে এসে রনজিতের সভা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় নজরদারির নির্দেশ দেন আইজিপি। বৈঠকে সুনামগঞ্জের পুলিশ সুপার জানান, রনজিতের সভায় সশরীরে উপস্থিত ছিলেন—এমন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের তথ্য জানার চেষ্টা চলছে।
নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় দেশের ১১টি জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। চলমান সহিংসতা ও নাশকতার বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৭ মিনিট আগে
সীমান্তবর্তী জেলা ছাড়াও গত তিন দিনে যেসব এলাকায় বেশি নাশকতার ঘটনা ঘটেছে, সেসব জেলার পুলিশ সুপাররা বৈঠকে অংশ নেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেক জেলায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
যেসব এলাকায় হামলা, আগুন, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটেছে, সেখানে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট পুলিশ সুপারদের কাছে জানতে চাওয়া হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করে। তবে সীমান্তকেন্দ্রিক কোনো অপরাধের তদন্ত পুলিশ করতে পারে। এ ধরনের অপরাধের ঘটনায় অনেক সময় পুলিশকেও জবাবদিহি করতে হয়।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩৫ মিনিট আগে
গণগ্রেপ্তার না করার নির্দেশ
পুলিশ সূত্র জানায়, সারা দেশে চলমান বিশেষ অভিযান আরও জোরদার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতার অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত করার পাশাপাশি জামিনে বেরিয়ে কেউ আবার নাশকতায় জড়াচ্ছেন কি না, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। নাশকতার মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে সাজা কার্যকর হওয়া পর্যন্ত তদারকির নির্দেশনাও দেওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এলাকায় হামলা ও নাশকতায় জড়াচ্ছেন কি না, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। তবে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের ওপর জোর দেওয়ার পাশাপাশি নিরপরাধ কাউকে যেন গ্রেপ্তার করা না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
বৈঠকে এক কর্মকর্তা বলেন, নিরপরাধ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে বেরিয়ে ক্ষোভ থেকে নতুন করে বেআইনি কর্মকাণ্ডে জড়াতে পারেন। এ কারণে গণগ্রেপ্তারের মতো পরিস্থিতি এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেপ্তার না করার জন্যও পুলিশ সুপারদের বলা হয়েছে।
পুলিশের নিষ্ক্রিয়তা ও যানবাহনে আগুন নিয়ে আলোচনা
সূত্র জানায়, অনেক ঘটনায় অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সবাই সমানভাবে সক্রিয় থাকেন না। নিষ্ক্রিয় সদস্যদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সক্রিয় করার কথা বলা হয়েছে। এরপরও কেউ দায়িত্ব পালনে নিষ্ক্রিয় থাকলে তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বৈঠকে উঠে আসে। মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে গা বাঁচিয়ে চলার সুযোগ নেই বলেও জানানো হয়।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
সম্প্রতি যানবাহনে আগুন দেওয়ার নতুন একটি কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। একটি সূত্রের দাবি, ট্যাবলেটের মতো গুঁড়াজাতীয় পদার্থ গাড়িতে যাত্রী সেজে নিয়ে গিয়ে পায়ের কাছে ফেলা হয়। পরে পা দিয়ে কিছু সময় ঘষার পর সেটিতে স্বয়ংক্রিয়ভাবে আগুন ধরে যায়। এ ছাড়া বিমার অর্থ পেতে কেউ পরিকল্পিতভাবে যানবাহনে আগুন ধরাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
পুলিশের একটি সূত্রের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কেউ নাশকতায় জড়াচ্ছেন। বিদেশে অবস্থান করে প্রকাশ্যে উসকানি দেওয়া এবং নাশকতার জন্য অর্থ পাঠানোর অভিযোগও রয়েছে। সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যে থাকা কয়েকজনের নাম পাওয়া গেছে বলে সূত্রটি জানিয়েছে।
এদিকে বিজিবি জানিয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।