https://newsbdc.com/national/mwbq2el3ge
উন্নয়ন খাতে ব্যয়ের জন্য পাঁচ কোটি টাকা করে পাচ্ছেন এমপিরা
দেশের ৩০০ সংসদ সদস্যের প্রত্যেকের জন্য পাঁচ কোটি টাকা করে বিশেষ উন্নয়ন বরাদ্দের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে দুটি চিঠি পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই অর্থ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে ব্যয় করতে পারবেন সংসদ সদস্যরা।
তবে সরকারের আর্থিক সংকটের সময়ে এ ধরনের বরাদ্দের প্রয়োজনীয়তা ও অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় সরকার বিভাগের পাঠানো একটি চিঠিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৬৪ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অন্য চিঠিতে সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা তহবিল থেকে সংশ্লিষ্ট এলাকার ৩৬ জন সংসদ সদস্যের প্রত্যেকের জন্য পাঁচ কোটি টাকা করে মোট ১৮০ কোটি টাকা চাওয়া হয়েছে। দুটি বরাদ্দ মিলিয়ে মোট অর্থের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৫০০ কোটি টাকা।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৩ মিনিট আগে
এর আগে গত মাসে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ তহবিল থেকে ৩ হাজার ১৫৯টি ইউনিয়ন পরিষদের জন্য ৫১ কোটি ১৮ লাখ টাকা থোক বরাদ্দ অনুমোদন করে স্থানীয় সরকার বিভাগ। ওই অর্থ সংসদ সদস্যদের পছন্দ অনুযায়ী উন্নয়ন প্রকল্পে ব্যয়ের সুযোগ রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এ বরাদ্দ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে বিরোধী দল সমালোচনা করেছে।
অতীতে এ ধরনের বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়ন ঘিরে স্থানীয় পর্যায়ে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। বিভিন্ন সরকারের আমলেও সংসদ সদস্যদের পছন্দ অনুযায়ী প্রকল্পে অর্থ বরাদ্দ এবং স্বেচ্ছাধীন ব্যয়ের জন্য বিশেষ তহবিল দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে ১৫ কোটি এবং পরে ২০ কোটি টাকা করে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়।
কেন বিশেষ বরাদ্দের প্রস্তাব
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৫ মিনিট আগে
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় প্রান্তিক জনগণের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূলের মানুষ নিজেদের ছোটখাটো অথচ জরুরি প্রয়োজনের কথা নির্বাচিত সংসদ সদস্যদের কাছে তুলে ধরছেন।
চিঠিতে আরও বলা হয়েছে, সংসদ সদস্যরা নির্বাচনী এলাকা সফর, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মানুষের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। কিন্তু তাঁদের বিদ্যমান ঐচ্ছিক তহবিলের অর্থ প্রয়োজনের তুলনায় সীমিত। এ কারণে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে বছরে পাঁচ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে মনে করছে স্থানীয় সরকার বিভাগ।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ২৫৫ কোটি টাকা। এ বরাদ্দের মধ্য থেকে সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল ব্যবহার করে বিশেষ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৪ মিনিট আগে
সাধারণত এসব তহবিলের অর্থ দিয়ে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং জনসেবামূলক অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা হয়।
বিশেষজ্ঞদের উদ্বেগ
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
এ উদ্যোগের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সমকালকে বলেন, অভিজ্ঞতা, গবেষণা এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা যায়, থোক বরাদ্দের বড় অংশ উন্নয়নের নামে দলীয়করণের কাজে ব্যবহৃত হয়। স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যদের দলীয় নেতাকর্মীদের কর্তৃত্বে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলে রাজনৈতিক প্রভাব বিস্তার, অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিল অতীতের এ চর্চা থেকে বেরিয়ে আসার। বিশেষ বরাদ্দ দেওয়া হলে এর প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল নিরপেক্ষভাবে মূল্যায়ন এবং প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা উচিত। কিন্তু এসব উদ্যোগ ছাড়াই বিপুল অর্থ ব্যয়ের সুযোগ তৈরি করা হচ্ছে।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যদের উন্নয়ন প্রকল্পে সরাসরি সম্পৃক্ততা থেকে বিরত থাকার বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব আইন প্রণয়ন, আইন সংস্কার এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করা। তাঁরা নিজেরাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যুক্ত হলে সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে প্রশ্ন তৈরি হয়।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে
অন্যদিকে, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন সমকালকে বলেন, আর্থিক সংকটের সময়ে এ ধরনের বরাদ্দ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য আর্থিক হাতিয়ার দেওয়ার একটি যুক্তি রয়েছে।
তিনি বলেন, অতীত অভিজ্ঞতায় এ ধরনের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়মের ঘটনা বেশি দেখা গেছে। তাই বরাদ্দ অব্যাহত থাকলে অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
ড. জাহিদ হোসেনের মতে, সংসদ সদস্যদের মূল দায়িত্ব আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করা। স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। সংসদীয় কমিটির মাধ্যমেও সরকারি ব্যয় তদারকির সুযোগ আছে। ফলে সংসদ সদস্যদের জন্য আলাদা তহবিলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।