https://newsbdc.com/national/mwbt8w27h5
বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় ব্যর্থ হলে পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩২ মিনিট আগে
নগর ব্যবস্থাপনার অন্যতম বড় সমস্যা হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অধিকাংশ পৌরসভায় বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
তিনি দ্রুত ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণের নির্দেশনা দেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৪ মিনিট আগে
কর্মশালায় অনেক কর্মকর্তা অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন মীর শাহে আলম। তিনি বলেন, সরকার বিপুল অর্থ ব্যয় করে কর্মশালার আয়োজন করেছে। অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা উপস্থিত হননি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমন উদাসীনতা কর্মশালার মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে। তবে প্রকৌশলীদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অনিয়ম হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। জেলাভিত্তিক ও ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।
স্থানীয় সরকার বিভাগের আওতায় এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের দিকেও গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৪৩ মিনিট আগে
জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবা প্রদানে হয়রানির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা কার্যক্রম স্থগিত রেখে কিংবা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ছাড়া সোলার প্যানেল স্থাপনের জন্য বরাদ্দ করা অর্থ অব্যবহৃত ফেলে রাখা পৌরসভার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্ত্রীদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। চলতি বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এ সুবিধার আওতায় আনা হবে।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
পিছিয়ে পড়া যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান ও জাপানি ভাষা শেখানোর প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।