https://newsbdc.com/national/mwbtfotj65
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ঝুঁকির মুখে থাকা রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষায়ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৯ মিনিট আগে
তিনি বলেন, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন এ মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি আরও বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে এ সংকট আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি, নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪২ মিনিট আগে
বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা
রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান। নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন তিনি।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫০ মিনিট আগে
যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎকালে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ডাচেস অব এডিনবার্গ তাঁর তিন দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।