https://newsbdc.com/national/mwbxu8hsdk
কপ-৩১ সম্মেলনে ব্যস্ত দিন কাটাবেন প্রধানমন্ত্রী, বৈঠক চীন ও উজবেকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটের দ্বিতীয় দিনে বুধবার (১১ নভেম্বর) ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
এ ছাড়া শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। দিনের শেষ কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২২ মিনিট আগে
কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দুপুর ২টায় উচ্চপর্যায়ের অধিবেশনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।
দুপুর ২টা ৪০ মিনিটে সম্মেলনস্থলের বিআর-১২ কক্ষে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় বিআর-০৩ কক্ষে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৪ মিনিট আগে
বৈঠক দুটিতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে আলোচ্যসূচির বিস্তারিত এখনো জানা যায়নি।
বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণবিষয়ক বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তুরস্কের ফার্স্ট লেডি। বৈঠকে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের পুনর্ব্যবহার এবং মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩২ মিনিট আগে
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সম্মেলনের গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।