https://newsbdc.com/national/mwcyre9phw
বিনিয়োগ, বিমান যোগাযোগ ও অর্থনৈতিক করিডর নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জ্বালানি ও অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগ, নতুন আন্তর্জাতিক বিমান যোগাযোগ, আঞ্চলিক অর্থনৈতিক করিডর গঠন এবং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা—এসব বিষয়কে গুরুত্ব দিয়ে বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) ঘিরে তাঁর এই কূটনৈতিক তৎপরতায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও গুরুত্ব পেয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কপ-৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিয়ে দিনভর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক মিলিয়ে অন্তত ১১ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে। এসব আলোচনায় বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয় উঠে আসে।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আনতালিয়া এক্সিবিশন সেন্টারে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় আয়োজকেরা তাঁকে স্বাগত জানান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সম্মেলনের লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনের আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, লন্ডনের মেয়র সাদিক খান এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের প্রধান হাসিম জোয়োহাদিকুসুমুসহ ওআইসির মহাসচিব এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সামেদ আগিরবাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১২ মিনিট আগে
দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া ওয়ার্ল্ড লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন তারেক রহমান। দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের দেড় শতাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিচ্ছেন। জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, বৈশ্বিক সহযোগিতা এবং জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
চীনা বিনিয়োগে জ্বালানি ও অবকাঠামো খাতে গুরুত্ব
প্রধানমন্ত্রীর কূটনৈতিক কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশটির সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশের সম্ভাবনাময় জ্বালানি প্রকল্পে, বিশেষ করে ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চীনা বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় আসে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৪ মিনিট আগে
এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে একটি আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনের সহযোগিতার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের উদ্যোগ
মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের সঙ্গে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়টিও প্রধানমন্ত্রীর আলোচনায় স্থান পেয়েছে।
সম্মেলনের সাইডলাইনে বিকেলে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে শুরু হওয়া প্রায় ৩০ মিনিটের এ বৈঠকে ঢাকা ও তাশখন্দের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসাপ্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নতুন বছরের কাছাকাছি সময়ে সফরের বিষয়টি বিবেচনা করবেন বলে তাঁকে আশ্বস্ত করেছেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২৩ মিনিট আগে
সিরিয়ার পুনর্গঠনেও বাংলাদেশের সহযোগিতা চাওয়া
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তাঁর দেশ পুনর্গঠনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। বিশেষ করে উন্নয়ন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন তিনি।
অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ব্রাজিলের প্রেসিডেন্ট সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
আঞ্চলিক স্থিতিশীলতা ও ফিলিস্তিন ইস্যুতে আলোচনা
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারেক রহমান।
ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
লন্ডনের মেয়র সাদিক খানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। দীর্ঘদিন লন্ডনে বসবাসের কারণে তাঁদের মধ্যে পরিচিতির বিষয়টিও এ সৌজন্য সাক্ষাতের ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশের অবস্থান
কপ-৩১-এর সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের অন্যতম লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা। দুই দিনব্যাপী এ সম্মেলনে জলবায়ু অর্থায়ন ও বৈশ্বিক সহযোগিতার মতো বিষয়গুলো আলোচনায় থাকছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন। পাশাপাশি তাঁর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ-৩১-এর সাইড ইভেন্টে জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নীতিগত উদ্যোগ এবং এ বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সব মিলিয়ে কপ-৩১-এর সম্মেলনকে ঘিরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী বৈঠকগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক সংকট মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।