https://newsbdc.com/national/mwd0j966fy
বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান জানালেন মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান
বর্জ্যকে শুধু ফেলে দেওয়ার উপাদান হিসেবে না দেখে সম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন ডা. জুবাইদা রহমান। পরিচ্ছন্ন পরিবেশ, জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনাকে জাতীয় অগ্রাধিকারে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, পুনর্ব্যবহার এবং প্লাস্টিক দূষণ কমাতে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের অংশ হিসেবে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জীবনসঙ্গীদের উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৫৭ মিনিট আগে
বৈঠকের শুরুতে আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান তিনি। বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তাঁর নেতৃত্বের প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্যগুলোর সঙ্গে ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উদ্যোগের সামঞ্জস্য রয়েছে।
বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, সরকারের ‘থ্রি-আর’ কৌশলের আওতায় বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণে উৎসাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার মাধ্যমে বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণ ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫৯ মিনিট আগে
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের লক্ষ্যমাত্রার কথাও তুলে ধরেন তিনি। ডা. জুবাইদা রহমান জানান, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি ৩.০)-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১.৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্জ্যকে জ্বালানি ও অর্থনৈতিক সম্পদে রূপান্তরের পরিকল্পনার মধ্যে ঢাকার একটি বড় ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রকল্পের বিষয়টিও উল্লেখ করেন তিনি। এ প্রকল্পে প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে
এ ছাড়া রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য পানির উন্নত শোধন এবং চিকিৎসাসেবায় ব্যবহৃত বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনায় সরকারের গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
প্লাস্টিক দূষণ কমানোর উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চলছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের সোনালি আঁশ পাটের ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এ সময় সম্মেলনে অংশগ্রহণকারীদের গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।
মিথেন নির্গমন কমাতেও বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন ডা. জুবাইদা রহমান। তিনি জানান, জলবায়ুবান্ধব কৃষি, উন্নত ধান চাষ পদ্ধতি এবং জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে কাজ করছে বাংলাদেশ।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে
তবে জিরো ওয়েস্ট লক্ষ্য অর্জনে শুধু জাতীয় উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। এ জন্য সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিবেশ সুরক্ষায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকেই শুরু করতে হবে। তরুণরা শুধু ভবিষ্যতের নেতা নয়, বর্তমানের সমস্যা সমাধানেও গুরুত্বপূর্ণ অংশীদার।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।