https://newsbdc.com/national/mwd1qczstg
সৌরবিদ্যুৎ থেকে ২০ শতাংশ চাহিদা পূরণে সরকারের নতুন লক্ষ্য
দেশের বিদ্যুৎ চাহিদার বড় অংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের পরিকল্পনা নিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। সংরক্ষিত নারী আসন-৩৩-এর সরকারি দলের সংসদ সদস্য শাচত আরা আক্তার নোটিশটি উত্থাপন করেন।
মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে দেশের মোট বিদ্যুতের ৩০ শতাংশ সৌরশক্তি থেকে উৎপাদনের অঙ্গীকার করা হয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে সরকারের প্রথম পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পূরণের লক্ষ্যও রয়েছে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে উৎসাহ
সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইকবাল হাসান মাহমুদ।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে
তিনি বলেন, এ বিষয়ে প্রচার বাড়াতে সম্প্রতি দুই দিনব্যাপী জাতীয় সৌরবিদ্যুৎ মেলার আয়োজন করা হয়। এতে হাজারো দর্শনার্থীর উপস্থিতি ছিল। সৌরবিদ্যুৎ সেবা সম্প্রসারণে দরপত্রের বিপরীতে আট হাজারের বেশি সরবরাহকারী আবেদন করেছেন। কর্মসূচি দ্রুত বাস্তবায়নে সরবরাহকারীর সংখ্যাও বাড়ানো হয়েছে।
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুফল সম্পর্কে মানুষকে জানাতে বিভাগীয় শহরগুলোতে মেলার আয়োজন করা হবে। পরে জেলা পর্যায়েও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উদ্বৃত্ত বিদ্যুৎ কিনবে সরকার
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে
ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের অর্থনৈতিক সুবিধা তুলে ধরে মন্ত্রী বলেন, গ্রাহক নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করতে পারবেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এ বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা দরে কেনার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, উৎপাদন ব্যয় সর্বোচ্চ ৮ টাকা হলে গ্রাহকের প্রতি ইউনিটে দুই টাকা আয় করার সুযোগ থাকবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌর প্যানেলের পাশাপাশি ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, শুধু সৌর প্যানেল স্থাপন করলেই হবে না; উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও থাকতে হবে।
প্রধানমন্ত্রীর বাসভবনের উদাহরণ দিয়ে মন্ত্রী জানান, সেখানে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে দিন-রাত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ২ ঘণ্টা আগে
সরকারি দপ্তরেও সৌরবিদ্যুৎ
সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সব জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে। উদ্যোগটি বাস্তবায়নে অর্থও বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে
সৌরবিদ্যুৎ উন্নয়নসংক্রান্ত সম্প্রতি জারি করা অধ্যাদেশের ফলে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে এবং বেসরকারি খাতে বিনিয়োগের আগ্রহ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, অধ্যাদেশ জারির পর অল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে।
সরকারের নীতিগত সহায়তা, বেসরকারি বিনিয়োগ এবং জনগণের অংশগ্রহণ অব্যাহত থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিদ্যুৎমন্ত্রী। এতে প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর দেশের নির্ভরশীলতাও কমবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।