https://newsbdc.com/national/mwd9plq97g
শ্রমিকদের কাজে ফেরা শুরু, শিল্পাঞ্চলে উৎপাদন স্বাভাবিক
বেতন-ভাতা ও ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের পর গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জের অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও প্রশাসনের তৎপরতার মধ্যে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কিছু এলাকায় বিক্ষিপ্ত বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৪ মিনিট আগে
গাজীপুর মহানগরীর নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, কাশিমপুর ও জরুন এলাকায় এবং গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও মেম্বারবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে সেসব কারখানার শ্রমিকরাও কাজে যোগ দেন।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৬ মিনিট আগে
অন্যদিকে, সাভার ও আশুলিয়ার বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও হেমায়েতপুর এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। নির্ধারিত সময়ের আগেই অনেক শ্রমিক কারখানার সামনে উপস্থিত হয়ে পরিচয়পত্র দেখিয়ে কর্মস্থলে প্রবেশ করেন। আশপাশের সড়কেও যান চলাচল ও জনসাধারণের চলাচল স্বাভাবিক ছিল।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, অধিকাংশ শ্রমিক শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২৪ মিনিট আগে
নারায়ণগঞ্জেও শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এ সময় জেলা প্রশাসক শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীদেরও শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেখা যায়।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
তবে আশুলিয়ার কিছু এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধি ও ৯ দফা দাবিতে শ্রমিক অসন্তোষ অব্যাহত ছিল। বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় হামিম গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভের চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। হরকিতলার ‘সমাহার’ এবং পল্লী বিদ্যুৎ এলাকার ‘এপেক্স ফুড’-এর একটি ইউনিট বন্ধ থাকা ও মজুরি নিয়ে অসন্তোষ থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অবরোধের কারণে মহাসড়কে কিছু সময় যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করেন।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।