https://newsbdc.com/national/mwdez4uewg
জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সম্মেলনের আয়োজক ও নেতৃত্ব দেওয়া তুরস্ক ও অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সম্মুখসারির দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৪ মিনিট আগে
তিনি বলেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৬ মিনিট আগে
সবুজ শিল্পায়নের অংশ হিসেবে দেশে প্রায় ৯০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে উল্লেখ করে তিনি পরিবেশবান্ধব পরিবহন, বৈদ্যুতিক যানবাহন, পাটজাত পণ্যের ব্যবহার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগের কথা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
এ ছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের মাধ্যমে জলাধারণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত ও ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর পরিকল্পনার কথা বলেন প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগও তুলে ধরেন তিনি।
বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় বোঝা তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণের পরিবর্তে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা প্রয়োজন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২৫ মিনিট আগে
এ পরিস্থিতিতে পাঁচটি জরুরি উদ্যোগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এগুলো হলো—
১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন খাতে বরাদ্দ করা এবং নির্গমন কমানোর উদ্যোগে সহায়তা দেওয়া।
২. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরে সহায়তা দেওয়া।
৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
৫. কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।
বক্তব্যে নারী ও তরুণদের জলবায়ু কার্যক্রমে সম্পৃক্ত করা, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
কপ-৩১ সম্মেলন অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল বয়ে আনবে—বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য—এমন প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।