https://newsbdc.com/national/mwe8wswcde
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান, আরো ঋণ নয়।
এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন নিশ্চিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ৩১) উচ্চ পর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এই আহ্বান ও দাবি জানান। আনতালিয়ার এক্সিবিশন সেন্টারের সম্মেলনকক্ষে দেওয়া বক্তব্যে জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা উচিত।
একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর প্রচেষ্টায়ও সহায়তা দিতে হবে।
তুরস্ক সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সম্মেলনে অংশগ্রহণ এবং জলবায়ু কূটনীতির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ তুলে ধরেন। সফরে তিনি বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
এ ছাড়া কপ৩১-এর উচ্চ পর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। সম্মেলনে অংশগ্রহণ শেষে স্থানীয় সময় গতকাল বিকেলে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৪ মিনিট আগে
তুরস্ক সফরে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও বৈঠক করেন। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অধিবেশন, জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল এবং এরদোয়ানের দেওয়া বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন। সফরে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
উচ্চ পর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখ সারিতে থাকা দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। এই বাস্তবতা সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করে জানিয়ে তারেক রহমান বলেন, শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।
ভাষণের শুরুতে কপ৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নবায়নযোগ্য জ্বালানিতে ২০% লক্ষ্য
প্রধানমন্ত্রী জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যেও কাজ করছে সরকার। বিশেষ করে প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের অংশ হিসেবে দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৬ মিনিট আগে
পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা
পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য জল সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব
বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নিচ্ছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। অন্যদিকে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলছে।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রস্তাবগুলো হলো—
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। পাশাপাশি নির্গমন হ্রাসের উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখতে হবে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩৫ মিনিট আগে
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে উত্তরণ ত্বরান্বিত করতে হবে।
পঞ্চমত, কপ৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে, যার ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রার মধ্যে রাখতে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে হবে।
ভাষণের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি সফল কপ৩১ সম্মেলন প্রত্যাশা করে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ বিবেচনায় নিয়ে সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসা প্রয়োজন। এখন প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপান্তর করার সময়। বৈশ্বিক সংহতি জোরদার করে সবাইকে একসঙ্গে টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সফরসঙ্গীরা হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
পাটের সম্ভাবনা দেখলেন প্রধানমন্ত্রী
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করে পাটজাত পরিবেশবান্ধব পণ্যের সম্ভাবনা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি প্যাভিলিয়নে যান। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।
প্যাভিলিয়নে তাঁকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্রধানমন্ত্রী সেখানে প্রদর্শিত বিভিন্ন ধরনের পাটজাত পণ্য ঘুরে দেখেন এবং এসব পণ্যের ব্যবহার, উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা সম্পর্কে জানতে চান।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, বিভিন্ন ধরনের ছোট সামগ্রী, জুতা, ব্লেজারসহ মোট ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
সম্মেলনের সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। গতকাল তুরস্কের আনতালিয়ায় স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও কৃষি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। জবাবে আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে অস্ট্রেলিয়ার আরো সক্রিয় ভূমিকা চান তারেক রহমান। তিনি বলেন, এই সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই নিহিত। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন।
দেশের পথে প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।
গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আনতালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। আনতালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।
আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।