https://newsbdc.com/national/mwen0upcol
৭ নভেম্বরের চেতনা স্বৈরাচারবিরোধী লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে: রিজভী
শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ৭ নভেম্বর সিপাহি ও জনগণ আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে রাজপথে নেমেছিল। এটি ছিল জনগণের জাতীয় জাগরণ। এ দিনের প্রেরণা থেকেই মানুষ সত্য উচ্চারণ করতে এবং যেকোনো স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৫ মিনিট আগে
তিনি বলেন, ১৯৭১ সালে নয় মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের প্রকৃত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাঁর দাবি, ৭ নভেম্বরের মধ্য দিয়ে নাগরিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়।
রিজভী আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। দেশে একক শাসনের পরিবর্তে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৭ মিনিট আগে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতার পথ তৈরি হয়েছিল।
বিএনপির এই নেতা বলেন, পরবর্তী সময়ে গণতন্ত্রের ওপর বারবার আঘাত এসেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন। তাঁর নেতৃত্বে ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরে শেখ হাসিনার শাসনামলে গুম, গুপ্তহত্যা ও নির্যাতনের অভিযোগ সামনে আসে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপি ও গণতন্ত্রকামী মানুষ দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। ওই গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩৫ মিনিট আগে
শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক বিষয় নয়। কারও বিরুদ্ধে অপরাধের মামলা ও সাজা থাকলে তাঁকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণের কথা বলেন।
নারী নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা শুধু পরিবারের সদস্য হিসেবে নয়, স্বতন্ত্রভাবেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আন্দোলনে অংশ নিয়ে অনেক নারী গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
তিনি বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে মহিলা দলকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ বন্ধ, নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে সংগঠনটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দেওয়ার উদ্যোগ তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করতে পারে।
আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।