https://newsbdc.com/national/mwepu32gxc
স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি মানসিকতার পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি
শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৪ মিনিট আগে
রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। দেশের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন এবং এ খাতে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। দাঁতের চিকিৎসার ব্যয়ও অনেক বেশি, যা অনেকের পক্ষে বহন করা সম্ভব নয়।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৬ মিনিট আগে
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়েও অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে অপ্রশিক্ষিত চিকিৎসকদের কাছে যাচ্ছেন।
প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের আহ্বান জানিয়ে তিনি তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে অনেক তরুণ চিকিৎসক গ্রামে যেতে চান না। কেউ গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ বা কাজে চলে যান। এ মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে এ অবস্থার পরিবর্তন সম্ভব।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২৪ মিনিট আগে
পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের সবকিছু বদলে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।
রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। একটি সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন। বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি সংগঠনটির স্মারকগ্রন্থ উন্মোচন করেন। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।