https://newsbdc.com/national/mwf9pb4t5v
পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চালু, ৩০ টাকা কেজিতে মিলছে চাল
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিশ্চিত করতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে।
এ কর্মসূচির আওতায় প্রতিটি পোশাক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কেনার সুযোগ পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী অঙ্গীকারের ধারাবাহিকতায় নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪০ মিনিট আগে
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৬৬টি ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভার শিল্পাঞ্চলে আটটি ট্রাকে ৪০ মেট্রিক টন এবং ধামরাইয়ে দুটি ট্রাকে ১০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে। এ ছাড়া গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন চাল বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৩ মিনিট আগে
প্রতি শুক্রবার দুই দফায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুদ সাপেক্ষে) চাল বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫১ মিনিট আগে
চাল সংগ্রহের ক্ষেত্রে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করতে হচ্ছে। পাশাপাশি কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করতে হচ্ছে। প্রকৃত পোশাক শ্রমিকদের কাছে এ সুবিধা পৌঁছে দিতে এমন নিয়ম রাখা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিনেই নির্ধারিত কেন্দ্রগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ পোশাক শ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর পাশাপাশি তাঁদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।