https://newsbdc.com/national/mwfa0xg6gt
সচেতনতা বাড়ালেই কমবে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা: প্রধানমন্ত্রী
সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৫ মিনিট আগে
শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগের বিষয়। রোগটি অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি বিভিন্ন জটিলতা প্রাণঘাতীও হতে পারে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৮ মিনিট আগে
তবে সময়মতো রোগ শনাক্ত, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
যাঁরা এখনো ডায়াবেটিসে আক্রান্ত হননি, তাঁদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে রোগটি প্রতিরোধে সচেষ্ট থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২৬ মিনিট আগে
বাণীতে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগ জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে প্রত্যেকে সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
তিনি বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য কেবল ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও দিবসটি পালিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। গত দুই দশক ধরে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে, যা বাংলাদেশের জন্য গৌরবের।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে সমিতির নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবিদার।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনেও সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং এ ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
বাণীতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।