https://newsbdc.com/national/mwfxwz20dq
প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে উন্মোচন করবেন জাতীয় পর্যটন মহাপরিকল্পনা
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, ঢাকায় প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর সময় মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে।
পাঁচ দিনব্যাপী উৎসবটি আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ফারুকী বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করছেন তাঁরা। প্রয়োজনীয় পর্যালোচনা ও জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে
তিনি জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা মহাপরিকল্পনাটি পাওয়ার আশা করছে বিটিবি। এরপর অনুমোদনের জন্য এটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
মহাপরিকল্পনায় ১ হাজার ৪৯৮ পর্যটন কেন্দ্র
জাতীয় পর্যটন মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা নির্ধারণ করা হয়েছে এতে। বাংলাদেশের পর্যটন খাতকে প্রতিযোগিতামূলক ও টেকসই গন্তব্য হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য।
পরিকল্পনায় দেশের আটটি বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ চিহ্নিত করা হয়েছে। এসব গন্তব্যের অবকাঠামো, পর্যটন পণ্য, ব্যবস্থাপনা, বিপণন ও মানবসম্পদের সমন্বিত উন্নয়নের প্রস্তাব রয়েছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে
এতে ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মহাপরিকল্পনায় সমুদ্রসৈকত, পরিবেশবান্ধব পর্যটন, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থান, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ ও ক্রুজ পর্যটন বিকাশের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সম্মেলন, প্রদর্শনী ও ব্যবসায়িক আয়োজনভিত্তিক পর্যটন (মাইস) সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা ও স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব রয়েছে।
জানুয়ারি থেকে বাস্তবায়নের লক্ষ্য
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে
ফারুকী জানান, প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের জানুয়ারি থেকে অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, মহাপরিকল্পনা বাস্তবায়ন মানে শুধু হোটেল, রিসোর্ট বা অবকাঠামো নির্মাণ নয়। এর মধ্যে পর্যটন গন্তব্যের প্রচারণা, ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ও থাকবে।
পরিকল্পনায় বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, অর্থায়নের উৎস, প্রকল্পের অগ্রাধিকার ও তদারকি ব্যবস্থা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
পর্যটন উন্নয়নে সরকারের পরিকল্পনা
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ২ ঘণ্টা আগে
এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত মহাপরিকল্পনা তৈরি করছে।
তিনি কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।
কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি পর্যটন খাতের দক্ষ জনবল তৈরিতে মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও সংসদে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছেন। পাশাপাশি কমিউনিটিভিত্তিক পর্যটন, পর্যটকদের নিরাপত্তা এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে
কার্যকর বাস্তবায়নের তাগিদ
পর্যটন খাতের অংশীজনরা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন। তাঁদের মতে, সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের সেবার মান উন্নয়ন ছাড়া দেশের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ শক্তিশালী পর্যটন প্রতিষ্ঠান, পেশাদার প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন। সংগঠনটির সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মান বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।
প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা ও সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। তাঁর মতে, মহাপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন ও উন্নত যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।