https://newsbdc.com/national/mwfy9x9atb
ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৫৯ মিনিট আগে
প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু ব্যক্তির নয়, প্রতিটি পরিবারের জন্যই বড় স্বাস্থ্যঝুঁকি। এ ঝুঁকি মোকাবিলায় হাসপাতালের পাশাপাশি সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, প্রতিদিন রাতে খাবার পরপরই ঘুমাতে না গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা উচিত। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ম্যারাথন আয়োজন করায় শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। এ ধরনের উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ৮টায় অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন ফরহাদ হোসেন আজাদ। প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে
এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে অডিটোরিয়াম চত্বরে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।