https://newsbdc.com/national/mwfzqug0i6
কারখানা বন্ধ না করে যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান শ্রমিক সংগঠনগুলোর
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৫ মিনিট আগে
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মীর আবুল কালাম আজাদ।
তিনি বলেন, দ্রব্যমূল্য ও বাড়িভাড়াসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারকে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৭ মিনিট আগে
মীর আবুল কালাম আজাদ বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সর্বশেষ শ্রম আইন সংশোধনীতে ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে পাঁচ বছরের পরিবর্তে তিন বছর করা হয়েছে। ২০২৪ সালে ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়। তবে জীবনযাত্রার ব্যয়ের তুলনায় এ বৃদ্ধি যথেষ্ট ছিল না। ২০২৩ সালে যৌক্তিকভাবে মজুরি নির্ধারণ না হওয়ায় তখন থেকেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন এবং শ্রমিক প্রতিনিধি নির্বাচনে শ্রমিক সংগঠনগুলোর মতামতকে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে সরকারকে ধন্যবাদ জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, জীবনযাত্রার ব্যয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণার ভিত্তিতে মজুরি বোর্ড যৌক্তিক সুপারিশ করবে। সরকারের ঘোষণা অনুযায়ী, নতুন নির্ধারিত মজুরি ২০২৬ সালের ডিসেম্বরে কার্যকর হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২৬ মিনিট আগে
শুধু মজুরি বাড়ালেই শ্রমিকদের সব সমস্যার সমাধান হবে না উল্লেখ করে তিনি বাড়িভাড়া নিয়ন্ত্রণ, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যাতায়াত ও নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এসব সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কারখানা বন্ধের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কারখানা বন্ধ কোনো সমাধান নয়; বরং এতে শ্রমিকদের অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়বে। রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি শ্রমিকদের ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
সরকারের প্রতি আহ্বান জানিয়ে মীর আবুল কালাম আজাদ বলেন, শ্রমিক আন্দোলনে হয়রানি ও গ্রেপ্তারের শিকার ট্রেড ইউনিয়ন কর্মী এবং শ্রমিকদের মুক্তি দিতে হবে। তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবে কেউ প্রকৃত অর্থে কারখানা ভাঙচুরে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানান তিনি। একই সঙ্গে এসব ঘটনায় কোনো শ্রমিক জড়িত নন বলেও দাবি করেন।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বর তৈরি পোশাকশিল্পের জন্য গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে উৎপাদন ব্যাহত হলে শিল্পের পাশাপাশি শ্রমিকদের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হবে। এ শিল্পের ওপর প্রায় ৪০ লাখ শ্রমিকের ভাগ্য নির্ভর করছে উল্লেখ করে উৎপাদন স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে তৈরি পোশাকশিল্পের মালিকদের শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে যৌক্তিক মজুরি নির্ধারণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনের আয়োজক সংগঠনগুলোর মধ্যে ছিল ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (জিস্কপ), গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ ও গার্মেন্টস শ্রমিক পরিষদসহ অন্যান্য সংগঠন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।