https://newsbdc.com/national/mwg1v0v5ht
৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। এরপরই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
জানা যায়, শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৫ মিনিট আগে
এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌপুলিশ ফাঁড়িতে ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। পরে ওই মামলায় মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তার গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, অন্যায়ভাবে মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও ঘোষণা দেন তারা।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৭ মিনিট আগে
এদিকে, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হয়। বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হলে ধীরে ধীরে যানবাহন পারাপার স্বাভাবিক হতে থাকে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২৫ মিনিট আগে
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, শনিবারের মধ্যে তাদের মাস্টারকে ফিরিয়ে দেওয়া হবে। সেই আশ্বাসে আপাতত কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। অন্যথায় রোববার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তিনি।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিআইডব্লিউটিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল শুরু হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।