https://newsbdc.com/national/mwg7eo7526
হিমবাহ ও মেরুর বরফ গলার ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশ
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় এএমআই সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৩ মিনিট আগে
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ এ উদ্যোগে যুক্ত হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহ ও বরফস্তরের দ্রুত পরিবর্তন জলবায়ুর ভারসাম্য, পানিসম্পদের প্রাপ্যতা, জীববৈচিত্র্য ও পরিবেশগত নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় উপকূলীয় ও নিম্নভূমির দেশগুলো ক্রমবর্ধমান ঝুঁকিতে পড়ছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৫ মিনিট আগে
বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এ পরিস্থিতি বিশেষ উদ্বেগের। এএমআইতে যোগ দেওয়ার মাধ্যমে হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক এবং এর বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর প্রচেষ্টায় যুক্ত হলো বাংলাদেশ।
জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরে আসছে বাংলাদেশ। নতুন এ উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু সুরক্ষার প্রচেষ্টায় দেশের সম্পৃক্ততা আরও বিস্তৃত হলো।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।