https://newsbdc.com/national/mwgc3vf05p
উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: ভূমিমন্ত্রী
সময়ানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা অর্জন করে আগামী দিনে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৯ মিনিট আগে
অনুষ্ঠানে প্রায় ৪০ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, জীবনে বড় হতে সময়ানুবর্তিতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক অসুস্থতা এবং রাজনৈতিক ও জনসেবামূলক কাজের চাপের কারণে তাঁর আসতে দেরি হয়েছে। তবে শিক্ষার্থীদের সব সময় সময় মেনে চলার আহ্বান জানান তিনি।
বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ ডিআইজি মামুন মাহমুদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভূমিমন্ত্রী। একই সঙ্গে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অনুষ্ঠানগুলোতে শহীদ মামুন মাহমুদের পরিবারের সদস্যদের সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানোর আহ্বান জানান।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩২ মিনিট আগে
শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর অবদানের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি রাজশাহীর কৃতী সন্তান বিচারক জি এন রায় এবং স্থপতি ফজলুর রহমান খানের উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের মেধা ও যোগ্যতা অর্জনের তাগিদ দেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৪০ মিনিট আগে
প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে শিগগিরই একটি নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পৃথক কমন রুম থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বাস বরাদ্দের চেষ্টা করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনা ও মেধার প্রশংসা করেন ভূমিমন্ত্রী। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদ ও জান্নাতুল মাওয়ার পরিবেশনার প্রশংসা করেন তিনি।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ও প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।
স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।