https://newsbdc.com/national/mwgfu6qixc
শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হবে ৪ ফ্লাইট দিয়ে: বিমানমন্ত্রী
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইটের মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩০ মিনিট আগে
সভায় সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, অংশীজনদের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতায় আগামী ১৬ ডিসেম্বর টার্মিনাল চালুর লক্ষ্য অর্জন সম্ভব হবে।
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার ধারাবাহিক প্রচেষ্টায় টার্মিনালটি এখন কার্যক্রম শুরুর পর্যায়ে পৌঁছেছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৩ মিনিট আগে
এ সময় সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
সভায় প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অংশীজনরা প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে মতামত বিনিময় করেন এবং টার্মিনাল চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৪১ মিনিট আগে
সভায় ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং মন্ত্রণালয়, বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।