https://newsbdc.com/national/mwhctj3n7m
আজ থেকে ফের শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন, আলোচনায় পোশাকশিল্প ও দ্রব্যমূল্য
আজকের অধিবেশনে পোশাকশিল্পের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের অনিয়ম এবং ভূমিসেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে তিনটি নোটিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৬ মিনিট আগে
এর মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে আলোচনার নোটিশ দিয়েছেন। মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বাজারের অনিয়ম নিয়ে আলোচনার নোটিশ দিয়েছেন।
অন্যদিকে, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি কমানো, ভূমিসেবা সহজীকরণ এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৮ মিনিট আগে
এ ছাড়া কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উত্থাপনের বিষয়টিও কার্যসূচিতে রয়েছে।
কার্যসূচিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের ৬ মার্চ স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি’ সংক্রান্ত দলিল সংসদে উপস্থাপনের কথা রয়েছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৬ মিনিট আগে
এদিকে, কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়ে একটি সাধারণ প্রস্তাব উত্থাপনের জন্য কার্যসূচিতে রাখা হয়েছে।
প্রস্তাবটি উত্থাপন করবেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান। এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।