https://newsbdc.com/national/mwhheqcx4c
নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার কারিগরি ও অর্থনৈতিক সহায়তায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়। কেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১২০০ মেগাওয়াট, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে চালু হলে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৪ মিনিট আগে
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো কারিগরি সমস্যা বা আকস্মিক সংকট তৈরি না হলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে।
এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব সরবরাহ শুরুর চেষ্টা চলছে। পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দেওয়ার পর পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো সমস্যা বা ত্রুটি নেই, তা নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি থাকতে পারেন। তবে তা নির্ভর করছে তাঁর সময় দেওয়ার ওপর।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৬ মিনিট আগে
গত ১১ অক্টোবর প্রথম ইউনিটের চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ‘ক্রিটিক্যালিটি’ সফলভাবে শুরু হয়। এরপর ২৯ অক্টোবর চুল্লির ক্ষমতা বৃদ্ধির চূড়ান্ত ধাপ ‘পাওয়ার স্টার্টআপ (সি-স্টেজ)’ শুরুর অনুমোদন দেয় বায়েরা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু হলে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। প্রথম ইউনিটকে পূর্ণ সক্ষমতায় নিতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে। ২০২৭ সালের এপ্রিল নাগাদ এ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৪৫ মিনিট আগে
এদিকে, দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতি হিসেবে রাশিয়া থেকে নিয়মিত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম আনা হচ্ছে। ইতোমধ্যে এ ইউনিটের জন্য ছয়টি চালানের ইউরেনিয়াম রূপপুরে পৌঁছেছে।
প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালুর প্রায় এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিট থেকেও পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।