https://newsbdc.com/national/mwirtsakvl
আয়নঘরে মৃত্যুর চেয়েও ভয়াবহ ছিল নির্যাতন
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরা থেকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে। চোখ কালো কাপড়ে বাঁধা, হাতে হ্যান্ডকাফ পরিয়ে শুরু হয় নির্যাতন। পরে তাঁকে এমন একটি ছোট কক্ষে রাখা হয়, যেখানে বাইরের আলো প্রবেশ করত না। বিভিন্ন স্থানে নিয়ে টানা ছয় মাস তাঁর ওপর নির্যাতন চালানো হয়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৯ মিনিট আগে
সোহেল রানার ভাষ্য, গাড়িতে কানে ক্লিপ লাগিয়ে তাঁকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল। পরে বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর মনে হয়েছিল, নির্যাতন সহ্য করার চেয়ে তাঁকে মেরে ফেলাই যেন ভালো।
আয়নাঘরের আরেক ভুক্তভোগী মাইকেল চাকমা। পার্বত্য চট্টগ্রামের অধিকার ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় এই ব্যক্তি ২০১৯ সালে গুমের শিকার হন। টানা পাঁচ বছর তাঁকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। তাঁর বর্ণনায়, বন্দিজীবন ছিল যেন মৃত্যুপুরীতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকা।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪২ মিনিট আগে
চোখ বেঁধে তাঁকে বন্দিশালায় নেওয়া হয়েছিল। কোমর থেকে মাথা পর্যন্ত চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে ঘোরানো হতো। ২২৪ ভোল্টের বৈদ্যুতিক শক দিয়ে পুড়িয়ে ফেলার হুমকিও দেওয়া হতো। পাঁচ বছরে তাঁকে তিনটি আলাদা স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রতিটি জায়গার অভিজ্ঞতা ছিল আগেরটির চেয়েও ভয়াবহ।
জুলাই গণ-অভ্যুত্থানের পর মুক্তি পেয়ে মাইকেল জানতে পারেন, তাঁর পরিবার তাঁকে মৃত ভেবে শেষকৃত্য সম্পন্ন করেছে। তিনি ফিরে আসবেন—এমন আশা ছেড়েই দিয়েছিলেন স্বজনেরা।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫০ মিনিট আগে
রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিরোধী মতের ব্যক্তিদের গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের এসব বিবরণ উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। বিলুপ্ত গুম কমিশনের সদস্য নূর খান লিটনের মতে, বৈদ্যুতিক শক, ঝুলিয়ে পেটানো ও ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে নির্যাতনের মতো কর্মকাণ্ড সংবিধান, প্রচলিত আইন কিংবা সংশ্লিষ্ট বাহিনীর নিজস্ব বিধিবিধানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ছিল না।
আয়নাঘর থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা শুধু গুমের ঘটনা নয়, বরং গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিযোগেরও ভয়াবহ চিত্র তুলে ধরে। তাঁদের বয়ানে উঠে এসেছে স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অনিশ্চয়তার মধ্যে বছরের পর বছর বেঁচে থাকার যন্ত্রণা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।