https://newsbdc.com/national/mwj4n1mo9j
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো
প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৫ মিনিট আগে
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সুসান ভাইজ বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতা পেশার পেশাদারিত্ব উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তিনি সব মাধ্যমের শিক্ষকদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়ন, প্রাক্-চাকরি প্রশিক্ষণ এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন।
এ ছাড়া শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়ন পদ্ধতি, স্বাস্থ্য শিক্ষা ও টেকসই উন্নয়নের বিষয়েও আলোচনা করেন তিনি। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন ইউনেস্কো প্রতিনিধি।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৮ মিনিট আগে
বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল কনটেন্ট ও শিক্ষা প্রযুক্তি (এডটেক) খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে সরকার।
শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কাজ চলছে। এর মাধ্যমে উন্নত শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের কাছেও পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৬ মিনিট আগে
পাঠদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।