https://newsbdc.com/national/mwjg8pyce5
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ
বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের সুযোগ উন্মুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)। এখন থেকে বাংলাদেশে বাস্তবায়িত প্রকল্পগুলোতে সংস্থাটির অর্থায়ন পাওয়া যাবে।
গতকাল সোমবার ডিএফসি এ ঘোষণা দেয়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১০ মিনিট আগে
ডিএফসি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পে সহায়তা দিয়ে থাকে। এসব বিনিয়োগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার এবং যুক্তরাষ্ট্রের অংশীদারি শক্তিশালী করতে ভূমিকা রাখে। বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে দেশের বড় অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১২ মিনিট আগে
সংস্থাটির মতে, ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি কমানোর বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ করা সম্ভব হবে। যেসব প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা বা ঝুঁকির কারণে এত দিন বাস্তবায়নের সুযোগ পাচ্ছিল না, সেগুলোও এগিয়ে নেওয়া যাবে।
এ ধরনের বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সহায়তা করবে। বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারীদের অনীহা বা ঝুঁকির আশঙ্কা কমাতেও ডিএফসির সহায়তা কাজে আসবে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২১ মিনিট আগে
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারি আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে—এমন বেসরকারি বিনিয়োগ বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মুক্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।’
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে বলে যুক্তরাষ্ট্র মনে করে। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতির অংশ হিসেবে পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড) করা হয়েছে। তাঁর মতে, দুই দেশের সমৃদ্ধি বাড়াতে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএফসির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। তাই যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ, বেসরকারি পুঁজি বিনিয়োগ এবং মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে চায় সংস্থাটি।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা ডিএফসি দেশটির পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি পুঁজি সংগ্রহ করে। সংস্থাটির বিনিয়োগের লক্ষ্য মিত্র ও অংশীদার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, মার্কিন করদাতাদের জন্য বিনিয়োগ থেকে মুনাফা নিশ্চিত করা এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।