https://newsbdc.com/national/mwk72ycray
সাত খুন মামলার আপিল শুনানি আজ
দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল বিভাগে আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের করা ১৬টি ফৌজদারি আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৯ মিনিট আগে
মামলাটির দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত ১৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, আলোচিত মামলাগুলোর আপিল দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আজ আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে সাত খুন মামলা।
যেভাবে ঘটেছিল আলোচিত সাত খুন
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার চার সহযোগী ও গাড়িচালককে অপহরণ করা হয়। একই সময় ওই সড়ক দিয়ে যাওয়ার পথে আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও অপহরণের শিকার হন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১১ মিনিট আগে
নিহতরা হলেন—নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।
এ ঘটনায় দুটি হত্যা মামলা হয়। নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন। অন্যদিকে আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।
বিচারিক আদালতে ২৬ জনের মৃত্যুদণ্ড
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২০ মিনিট আগে
দুটি মামলার বিচারিক কার্যক্রম একসঙ্গে সম্পন্ন করে ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। রায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপর ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০১৭ সালের ২২ মে থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। উভয় পক্ষের শুনানি শেষ করতে আদালতের ৩৩ কার্যদিবস সময় লাগে।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
হাইকোর্টে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল
২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। এতে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অপর ৯ আসামির দণ্ডও বহাল থাকে।
মৃত্যুদণ্ড বহাল থাকা ১৫ আসামির মধ্যে রয়েছেন নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানাসহ র্যাবের চাকরিচ্যুত সাবেক ১১ সদস্য।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ আসামির মধ্যে রয়েছেন র্যাবের চাকরিচ্যুত সাবেক সদস্য আসাদুজ্জামান নূর ও এনামুল কবির এবং নূর হোসেনের সহযোগী মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহান।
বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বহাল থাকা অপর ৯ আসামির মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানের ১৭ বছর, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, করপোরাল মোখলেসুর রহমান, ল্যান্স করপোরাল রুহুল আমিন ও সিপাহি নুরুজ্জামানের ১০ বছর করে এবং এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনের সাত বছর করে কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া পেরিয়ে এখন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে মামলাটির শুনানি হতে যাচ্ছে। আপিল বিভাগের শুনানি ও পরবর্তী রায়ের দিকে তাকিয়ে রয়েছেন নিহতদের স্বজনসহ সংশ্লিষ্টরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।