https://newsbdc.com/national/mwkmdj8kpj
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য, গেজেট প্রকাশ
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৯ মিনিট আগে
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানান, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
সংসদে স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনি এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ করে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি তিনি ১৫ নভেম্বর পেয়েছেন এবং বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করেছেন।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫১ মিনিট আগে
স্পিকার আরও জানান, সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর পর সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখের পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। সংবিধানের সংশ্লিষ্ট বিধান এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুসারে বিষয়টি সংসদকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে
এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।