https://newsbdc.com/national/mwlj0l7hus
বৃহস্পতিবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, আগমন ঘিরে উৎসবের আমেজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃহস্পতিবারের লালমনিরহাট সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে জেলাজুড়ে। তাঁর এই সফরকে কেন্দ্র করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির নতুন প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরজুড়ে চলছে সাজসজ্জা ও শেষ মুহূর্তের প্রস্তুতি।
ভৌগোলিক অবস্থান, তিস্তা-ধরলা নদী এবং মোগলহাট স্থলবন্দরকে ঘিরে লালমনিরহাটের রয়েছে নানা সম্ভাবনা। তবে নদীভাঙন, বেকারত্ব, শিল্পকারখানার অভাব, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতায় দীর্ঘদিন ধরে ভুগছেন জেলার মানুষ।
এসব সমস্যা সমাধানের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৯ মিনিট আগে
এক স্থানীয় নারী বলেন, নদীভাঙন ঠেকানো গেলে তাঁদের অনেক উপকার হবে। আরেক বাসিন্দার প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনার কাজ বাস্তবায়িত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
বৃহস্পতিবারের সফরে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, প্রধানমন্ত্রী প্রথমে সিভিল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে যাবেন। এরপর খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শেষ পর্যায়ে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের ১৫ হাজার নেতা-কর্মীর সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক ও স্থাপনা সাজানো হয়েছে। রাস্তাঘাটে শোভা পাচ্ছে নানা রঙের ব্যানার ও ফেস্টুন। সফরকে কেন্দ্র করে উচ্ছ্বাস দেখা গেছে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যেও।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। জেলাজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫০ মিনিট আগে
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল হবে বলে তাঁরা আশা করছেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণের আশায় প্রধানমন্ত্রীর এই সফরের দিকে তাকিয়ে রয়েছেন লালমনিরহাটের মানুষ।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।