https://newsbdc.com/national/mwlj8dwwpf
বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা জনগণ সহ্য করবে না: শামা ওবায়েদ
বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, বিএনপি এ পর্যন্ত সর্বোচ্চ সহিষ্ণুতার পরিচয় দিয়ে আসছে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের ‘জয়বাংলার মোড়’ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সংঘাত নিরসনে বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৪ মিনিট আগে
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা, খুন ও গুমের মামলা রয়েছে। এসব মামলা বাংলাদেশের আইন, বিচার বিভাগ ও আদালতে চলমান। সেগুলোর রায় কী হতে পারে, তা আদালতই নির্ধারণ করবেন।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার ঘটনা ঘটেছে। আন্দোলনরত শিক্ষার্থী ও শিশুদের ওপর গুলি চালানোর অভিযোগেরও বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৭ মিনিট আগে
বিএনপির নেতাকর্মীদের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দলের বহু নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন। নানা নির্যাতন সত্ত্বেও তাঁরা দল ও আন্দোলনের সঙ্গে ছিলেন। ভবিষ্যতেও তাঁরা মাঠে থাকবেন বলে জানান তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, অতীতের অন্যায় থেকে শিক্ষা নিয়ে সুপথে ফিরে আসতে এবং দেশ গড়ার কাজে বিএনপি সরকারকে সহযোগিতা করতে হবে। তাঁর দাবি, বিএনপি রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করে না। নিজের নির্বাচনী এলাকায় গত দুই থেকে আড়াই বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩৫ মিনিট আগে
বিএনপির মনোনয়ন না পাওয়া কয়েকজনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বড় দল হওয়ায় প্রতিটি নির্বাচনী এলাকায় একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকেন। তবে দল একজনকে প্রার্থী হিসেবে বেছে নেয়। মনোনয়ন না পাওয়া কয়েকজন সংসদে ও সংসদের বাইরে শেখ হাসিনার পক্ষে কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সংসদ সদস্য রুমিন ফারহানার প্রতি ইঙ্গিত করেন শামা ওবায়েদ।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাত নিয়ে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ ও ক্রেতাদের আগমন বাড়ছে। তাঁর অভিযোগ, এই অগ্রগতি বাধাগ্রস্ত করতে একটি পক্ষ গার্মেন্টস খাত ধ্বংস এবং দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বাস ও ট্রাকে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। দেশের স্থিতিশীলতা ও মানুষের শান্তির স্বার্থে এসব কর্মকাণ্ড দমন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল সামদানী আজাদ। সভা পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।
আরও পড়ুন
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ অন্যরা বক্তব্য দেন।
এর আগে কয়েকশ মোটরসাইকেলের বহর নিয়ে ভাঙ্গা পৌরসভার সামনে থেকে জয়বাংলার মোড় পর্যন্ত যান শামা ওবায়েদ।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।