https://newsbdc.com/national/mwlsyh2ktd
সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি টাকা বরাদ্দ
দেশের ৪ হাজার ৫৮৮টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের সাধারণ বরাদ্দের (বিবিজি) দ্বিতীয় কিস্তি হিসেবে এ অর্থ ছাড় করা হয়েছে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৮ মিনিট আগে
গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করে।
মঞ্জুরি আদেশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে মোট ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে সাধারণ বরাদ্দ বা বিবিজি খাতে নির্ধারিত রয়েছে ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। এ বরাদ্দ থেকে দ্বিতীয় কিস্তিতে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫০ মিনিট আগে
ছাড় করা অর্থ পেতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসককে সরকারি মঞ্জুরি আদেশ (জিও) অনুযায়ী টিআর ফরম নম্বর-৩২-এ বিল প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষরসহ ওই বিল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে দাখিল করতে হবে। এ ক্ষেত্রে ইউএনও আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
অর্থ ছাড়ের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের নির্ধারিত ব্যাংক হিসাবে অ্যাকাউন্ট পে-ইং চেক ইস্যু করবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে বরাদ্দের অর্থ স্থানান্তর করা হবে।
মঞ্জুরি আদেশে অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে তহবিলের অর্থ উত্তোলন ও ব্যয়ের যাবতীয় তথ্য ক্যাশবুক, রেজিস্টার এবং অন্যান্য প্রয়োজনীয় হিসাব বইয়ে যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করতে হবে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৮ মিনিট আগে
ছাড় করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫ এবং প্রচলিত সব আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে।
এ ছাড়া বরাদ্দের অর্থের অব্যয়িত অংশ আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
অর্থ ছাড়ের আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগের সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসকের প্রস্তুত করা বিলে প্রতিস্বাক্ষর করে তা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।