ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

ফ্যাসিস্ট’ অপশক্তি ঠেকাতে চব্বিশের মতো ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০: ৩৫
ফ্যাসিস্ট’ অপশক্তি ঠেকাতে চব্বিশের মতো ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
সংগৃহীত

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ২০২৪ সালের মতো দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁর বক্তব্যে সমর্থন জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর-বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ডে তাদের রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করার কারণ তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, দলটির পলাতক নেত্রী সন্ত্রাসীদের দিয়ে গণতান্ত্রিক জনগণের বাড়িঘরে আগুন দেওয়া এবং হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৩ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

তারেক রহমান বলেন, পতিত ও পরাজিত অপশক্তিকে ঠেকাতে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখতে গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়াতে হবে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর পাশাপাশি সংসদের বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোর প্রতিও তিনি ঐক্যের আহ্বান জানান। এ ক্ষেত্রে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, অতীতে মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও সংশ্লিষ্ট গোষ্ঠীর আচরণে পরিবর্তন আসেনি বলে তাঁর বিশ্বাস। দেশে ও দেশের বাইরে বিভিন্ন ব্যক্তির ওপর হামলা ও হেনস্তার ঘটনাও বক্তব্যে তুলে ধরেন তিনি। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলাম এবং ইতালিতে এক নারী শিল্পীর ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৬ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র ও প্রশাসন পেয়েছিল। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে দেশে-বিদেশে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর দাবি, ৫ আগস্টের পর থেকে দেশের মানুষ ধীরে ধীরে গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ফিরে পেতে শুরু করেছে।

তিনি বলেন, নির্বাচিত সরকার এখন অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করার কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী দেওয়ার মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, গত কয়েক মাসে প্রায় পাঁচ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমশক্তিকে বিদেশে পাঠানো হয়েছে। আগামী কয়েক মাসে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কয়েক লাখ কর্মী পাঠানোর আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৪ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

এ ছাড়া বন্ধ সরকারি কলকারখানার অনেকগুলো ইতোমধ্যে চালু করা হয়েছে জানিয়ে আগামী এক বছরের মধ্যে আরও ৪৬ থেকে ৪৭টি কারখানা চালুর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি

যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার এ পর্যন্ত তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে সংসদে জানান তারেক রহমান। তাঁর ভাষ্য, জনগণের ভোগান্তি কমানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন সচল রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর কাছে বাংলাদেশকে বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরতে সরকার কাজ করছে। এ প্রসঙ্গে বিদেশ সফরে বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা উল্লেখ করেন তিনি। তবে এসব সমঝোতা স্মারককে কোনো দেশের সঙ্গে সম্পাদিত চুক্তি হিসেবে উপস্থাপন না করার বিষয়টি স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। আগামী অধিবেশনে এমওইউগুলো সংসদে উপস্থাপনের আশ্বাসও দেন তিনি।

রমজানে পণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণের উদ্যোগ

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক ১০টি পণ্য সর্বোচ্চ ৯০ দিন বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পণ্যগুলোর মধ্যে রয়েছে চাল, গম, চিনি, ছোলা, ভোজ্যতেল, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন ও আদা।

তিনি আরও জানান, রমজানে খেজুরের ওপর ২০ শতাংশ কর কমানো হয়েছে। পাশাপাশি আপেল ও মাল্টার ওপর ৫০ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর ফলে এসব ফলের দাম কমবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি শিগগির ঘোষণা

তৈরি পোশাকশিল্পের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছরে দেশের শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় এ শিল্প সমৃদ্ধ হয়েছে। গার্মেন্টসশিল্পের শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত রয়েছে।

সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই নিম্নতম মজুরি ঘোষণা করা হবে বলে জানান তিনি। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা বেতন পাবেন বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন