https://newsbdc.com/sara-desh/mvnxws1u47
৫ নভেম্বর খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা খুদে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়ে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রোববার (২৫ অক্টোবর) এ উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি বিভাগীয় পর্যায়ে একটি মতবিনিময় সভায়ও অংশ নেন।
আরও পড়ুন
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতিমন্ত্রী ৫২ মিনিট আগে
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য তৃণমূলের আনাচকানাচে লুকিয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করা। প্রথম আসরে উঠে আসা অনেক প্রতিভাবান খেলোয়াড় বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ নিচ্ছে। সরকার তাদের হারিয়ে যেতে দেবে না। খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তাদের পড়াশোনার সব দায়িত্বও সরকার বহন করবে।
তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করা এবং নতুন প্রজন্মকে মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার জরুরি। এ লক্ষ্যেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত ২ ঘণ্টা আগে
এবারের আসরে অনলাইনে প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ খেলোয়াড় নিবন্ধন করেছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবে। ইউনিয়ন, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আগামী বছরের মে বা জুনে জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল ৬ ঘণ্টা আগে
খুলনার ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, খুলনা জেলা স্টেডিয়ামের অসম্পূর্ণ গ্যালারি নির্মাণ এবং বিকেএসপির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে স্থানীয় বিকেএসপির শিক্ষার্থীরা এখানেই পড়াশোনা ও প্রশিক্ষণের পূর্ণাঙ্গ সুবিধা পাবে।
এর আগে রোববার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
আরও পড়ুন
পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ৭ ঘণ্টা আগে
সভায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী এবং জেলা প্রশাসক হুরে জান্নাত উপস্থিত ছিলেন। এ ছাড়া খুলনা বিভাগের ১০ জেলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
স্টেডিয়াম পরিদর্শনকালে বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।