https://newsbdc.com/sara-desh/mvz2o7z1l2
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, যান চলাচল স্বাভাবিক
শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ৬ ঘণ্টা আগে
সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে রোববার শ্রমিক মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। পুলিশ শ্রমিকদের সঙ্গেও কথা বলেছে। বোর্ড গঠনের খবর জানার পর শ্রমিকদের আন্দোলন বন্ধ হওয়ার কথা। আজ শ্রমিকদের কাউকে আন্দোলনে আসতে দেখা যায়নি। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক।
মহিদুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি টহল দলও দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন
সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই ৬ ঘণ্টা আগে
কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশপাশের কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। কোথাও কোনো ধরনের অবনতি ঘটেনি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করছে।
রোববারের ভাঙচুর ও গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযানে মিরপুর বিভাগ থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার ৬ ঘণ্টা আগে
গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মহিদুল ইসলাম বলেন, যারা আইন অমান্য করে সড়ক অবরোধ, গাড়ি বা কারখানায় ভাঙচুর এবং সাধারণ মানুষের জানমাল কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।