https://newsbdc.com/sara-desh/mvz7bct7jp
তিন চাকার যান বন্ধের দাবিতে বরিশালের ৬ রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর পূর্ব তীরের ছয়টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক সমিতির সদস্যরা। এসব রুটে তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কীর্তনখোলা নদীর পূর্ব তীরে সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট থেকে বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোড, লক্ষ্মীপাশা, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার এবং ভোলা সড়কের লাহারহাট রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব রুটের নিয়ন্ত্রক সংগঠন চরকাউয়া বাস ও মিনিবাস মালিক সমিতি। পটুয়াখালীর বাউফল, দশমিনা ও দুমকি উপজেলার যাত্রীরাও সংক্ষিপ্ত পথে যাতায়াতের জন্য এসব রুট ব্যবহার করেন।
আরও পড়ুন
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ৬ ঘণ্টা আগে
মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানিয়েছেন, তিন চাকার যানবাহনের কারণে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে তিন চাকার যানবাহন চালানো হয়। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
তিনি জানান, বাস চলাচলের রুটের সড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে মালিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি সমাধানে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন
সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই ৬ ঘণ্টা আগে
সাইফুল ইসলাম, জামাল মুন্সি ও সৈয়দ আবু বক্কর নামের তিন যাত্রী জানান, বাস বন্ধ থাকায় মোটরসাইকেল ও রিকশায় গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাঁদের। এতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। দ্রুত সমাধান হবে বলে আশা করছেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।